প্রিন্ট এর তারিখঃ Nov 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 24, 2026 ইং
চন্দনাইশের নতুন এসিল্যান্ড হিসেবে যোগ দিলেন মির্জা আফরিন ফারজানা পিংকি

মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ৪১তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মির্জা আফরিন ফারজানা পিংকি। সম্প্রতি চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এই পদে পদায়ন করা হয়। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে চন্দনাইশ উপজেলা পরিষদে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি। এ সময় নবাগত এসিল্যান্ডকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান। শিক্ষাজীবন ও কর্মজীবন সম্পর্কে জানা যায়, মির্জা আফরিন ফারজানা পিংকি ঢাকার বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ থেকে কৃতিত্বের সাথে মাধ্যমিক (এসএসসি) ও উচ্চমাধ্যমিক (এইচএসসি) সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ৪১তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মজীবন শুরু করেছিলেন। সেখান থেকেই তাঁকে চন্দনাইশের এসিল্যান্ড হিসেবে দায়িত্ব দেওয়া হলো।
উপজেলার মূল ভূমি প্রশাসনের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ দুটি প্রতিষ্ঠান—দোহাজারী পৌরসভা এবং ৫ নম্বর বরমা ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্টদের আশা, মেধাবী ও তরুণ এই কর্মকর্তার যোগদানের ফলে চন্দনাইশ উপজেলার ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আসবে এবং সাধারণ মানুষের জন্য ভূমিসেবা প্রাপ্তি আরও সহজ ও গতিশীল হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট